Cvoice24.com

বিয়ে করলেন মিষ্টি জান্নাত, স্বামীকে নিয়ে রহস্য

বিনোদন ডেস্ক
১৫:৩০, ৩১ আগস্ট ২০২৬
বিয়ে করলেন মিষ্টি জান্নাত, স্বামীকে নিয়ে রহস্য

সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। তবে বিয়ের খবর জানালেও পাত্রের পরিচয় এখনই প্রকাশ করছেন না তিনি। ফলে মিষ্টির নতুন জীবনের গল্পে রয়ে গেছে বেশ খানিকটা রহস্য।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘Got Married’ লাইফ ইভেন্ট যুক্ত করেন মিষ্টি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। পরে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে স্বামীর নাম, বিয়ের তারিখ কিংবা বিস্তারিত পরিচয় আপাতত প্রকাশ করতে চান না তিনি। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে হয়েছে বাংলাদেশেই।

বিয়েটা প্রেমের, নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নে মিষ্টির উত্তরও বেশ স্পষ্ট। তিনি জানিয়েছেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক, কিংবা ঠিক কবে বিয়ে করেছেন—এসব তথ্য এখনই জানাতে নারাজ এই অভিনেত্রী।

কারণটাও মজার। মিষ্টির ভাষায়, সব রহস্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না। সময় হলে হয়তো পাত্রকে নিয়েও সামনে আসবেন তিনি।

স্বামীকে কি সারাজীবন আড়ালে রাখবেন? এমন পরিকল্পনাও নেই মিষ্টির। উপযুক্ত সময়েই তাকে সবার সামনে আনবেন বলে জানিয়েছেন। এমনকি ভবিষ্যতে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও মজা করে বলেছেন অভিনেত্রী।

মিষ্টি জানিয়েছেন, তাঁদের বিয়েটি হুট করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

বিয়ে ও প্রেম নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের প্রস্তাব ও বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন তিনি। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার কথা বলতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে নিজের বিয়ের খবর প্রকাশের সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে মিষ্টি জান্নাতকে ঘিরে বিভিন্ন সময়ে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্ক ও বিয়ের নানা গুঞ্জন ছড়িয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে স্পষ্ট হয়েছে, তার স্বামী শাকিব খান নন।

নিজের নতুন জীবন নিয়েও বেশ সংযত মিষ্টি। বিয়ে হলেও এখনো পুরোপুরি সংসারজীবন শুরু হয়নি বলে জানিয়েছেন তিনি। আপাতত নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। নিজের ক্লিনিক পরিচালনার পাশাপাশি ব্যবসায়িক কাজেও যুক্ত আছেন তিনি। অভিনয়ে নিয়মিত না থাকলেও বেছে বেছে নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন।

তবে এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় কৌতূহল একটাই—মিষ্টির সেই ‘সিক্রেট’ স্বামী আসলে কে? উত্তরটি জানতে আপাতত অপেক্ষাই করতে হবে অভিনেত্রীর নিজের মুখ খোলার।