সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
বিনোদন ডেস্ক
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মানিকদীর নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তার স্টুডিওতে হামলা চালানো হয়। তবে তার কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি নিজে নিশ্চিত নন বলে জানিয়েছেন। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি।
ঘটনার পর স্টুডিওতে থাকা সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচের দরজা-জানালা, আসবাবসহ বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। স্টুডিওর বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
নিউগ্রিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি, হুমকি-ধমকি ও জমি দখলের চেষ্টা করা হচ্ছিল। শনিবার রাতে বিপুলসংখ্যক লোক অস্ত্র নিয়ে আবাসন প্রকল্পে ঢুকে ভাঙচুর চালায় বলেও তিনি দাবি করেন।
ঘটনার সময় স্টুডিওতে থাকা কয়েকজন কর্মী আতঙ্কে নিরাপদ স্থানে আশ্রয় নেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য। হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলছে, ঘটনাটি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ঘটেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুটি ছুরি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে ছুরিসহ আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি ঢাকায় ফিরে স্টুডিওতে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে স্টুডিওর ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি।
সালমান জানান, স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, যন্ত্রপাতি ও কাজের প্রয়োজনীয় সামগ্রী ছিল। এসবের কিছু ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়া হয়ে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। তবে এখনো নির্দিষ্ট আর্থিক হিসাব করা হয়নি।
স্টুডিওতে হামলার ঘটনায় কাজ বন্ধ করবেন না বলেও জানিয়েছেন সালমান মুক্তাদির। তিনি বলেন, ক্ষয়ক্ষতি হলেও তিনি আবার কাজ শুরু করবেন।
বিনোদন সব খবর















