Cvoice24.com

১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে মালাইকা! নৈশভোজ ঘিরে ফের গুঞ্জন

বিনোদন ডেস্ক
১৪:১৬, ৩১ আগস্ট ২০২৬
১৯ বছরের ছোট হর্ষের সঙ্গে মালাইকা! নৈশভোজ ঘিরে ফের গুঞ্জন

বলিউডে প্রেমের গুঞ্জন যেন কখনো থামে না। আর সেই গুঞ্জনের কেন্দ্রে যদি থাকেন মালাইকা অরোরা, তাহলে আলোচনা আরও জমে ওঠে। অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবার নতুন করে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতাকে ঘিরে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সবচেয়ে বেশি নজর কাড়ছে তাদের বয়সের ব্যবধান—হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট।

সম্পর্কের বিষয়টি দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে একের পর এক ঘটনায় তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছে মুম্বাইয়ের একটি নৈশভোজ।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ আগস্ট মুম্বাইয়ের বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করতে যান মালাইকা ও হর্ষ। পরে একইসঙ্গে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় তাদের। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন করে আলোচনা।

তবে মালাইকা-হর্ষের ঘনিষ্ঠতার গুঞ্জন একেবারে নতুন নয়। গত বছর একটি কনসার্টে হর্ষের সঙ্গে মালাইকার ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এরপর ইতালির রোমে তাদের একসঙ্গে ঘোরার খবরও সামনে আসে।

এখানেই শেষ নয়। ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির একটি পার্টিতেও একসঙ্গে দেখা যায় মালাইকা ও হর্ষকে। সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়।

মালাইকার পরিবারের আয়োজিত ওনাম উৎসবেও হর্ষ মেহতার উপস্থিতি নজর কাড়ে। একের পর এক ঘটনায় নেটিজেনদের অনেকেই তাদের সম্পর্কের সমীকরণ মেলাতে শুরু করেছেন। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি মালাইকা কিংবা হর্ষ।

এর আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালের মে মাসের শেষ দিকে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়।

বলিউডে অবশ্য মালাইকার পরিচয় শুধু ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়। আইটেম গানের জনপ্রিয় মুখ হিসেবেও তার রয়েছে আলাদা পরিচিতি। ‘ছাইয়া ছাইয়া’ কিংবা ‘মুন্নি বদনাম হুয়ি’—তার নাচ ও গ্ল্যামার দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে তারা বিচ্ছেদের আবেদন করেন। ২০১৭ সালের মে মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন। তাদের একমাত্র সন্তান আরহান খান।

এরপর আর বিয়ের বন্ধনে জড়াননি মালাইকা। তবে অর্জুন কাপুরের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক ছিল। সেই অধ্যায় শেষ হওয়ার পর এবার হর্ষ মেহতাকে ঘিরে নতুন গুঞ্জন।

১৯ বছরের বয়সের ব্যবধান, একসঙ্গে নৈশভোজ, বিদেশ ভ্রমণ থেকে পারিবারিক আয়োজনে উপস্থিতি—সব মিলিয়ে মালাইকা-হর্ষের সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তবে তারা সত্যিই প্রেম করছেন, নাকি নিছক বন্ধুত্ব—সেই উত্তর আপাতত অজানা।