Cvoice24.com

রিয়াদে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের, বিমানবন্দরের কাছে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১১:০৬, ২০ সেপ্টেম্বর ২০২৬
রিয়াদে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুথিদের, বিমানবন্দরের কাছে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি স্থাপনায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা যায়।

তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদের দিকে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানান, রিয়াদ ছাড়াও বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো একাধিক ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।

এর মধ্যেই শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপো থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

হামলার আশঙ্কায় রিয়াদে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেতও বেজে ওঠে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। পরে সৌদি কর্তৃপক্ষ সতর্কতা তুলে নেয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবু শহরে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে বিপুলসংখ্যক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

হুথিদের দাবি, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে। তবে তাদের দাবির সবগুলো অংশ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হামলায় বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় বেসামরিক ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সাম্প্রতিক এই হামলা সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ও লোহিত সাগরীয় বাণিজ্যপথ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অন্যদেশ সব খবর