ইনুর ১০ বছরের কারাদণ্ড: প্রকাশ হলো পূর্ণাঙ্গ রায়
সিভয়েস২৪ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রবিবার (২০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল ৫০০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করেন।
এর আগে, গত ৩০ জুন মামলাটির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একই সঙ্গে কার্যকর হওয়ায় তার মোট কারাদণ্ডের মেয়াদ ১০ বছর। বাকি পাঁচটি অভিযোগে তিনি খালাস পান।
মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা হয়। ইনু ছিলেন এ মামলার একমাত্র আসামি।
এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। এ জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে।
৩০ জুনের রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামলার দুটি অভিযোগে মোট দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
জাতীয় সব খবর















