Cvoice24.com

এনআইডিতে ছবি বাধ্যতামূলক, হাইকোর্টের রায়

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১৬, ৯ সেপ্টেম্বর ২০২৬
এনআইডিতে ছবি বাধ্যতামূলক, হাইকোর্টের রায়

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে বিদ্যমান আইন অনুযায়ী ছবি সংবলিত জাতীয় পরিচয়পত্রই করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুযোগ নেই।

আদালতে রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন উল্লেখ করে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবিতে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।

এর আগে, ওই বছরের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আবেদন করেন সুমাইয়া আহমাদ মুনা। আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়তের বিধান নিয়মিত পালন করেন। এ কারণে তিনি কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। ফলে তার জাতীয় পরিচয়পত্র হয়নি এবং এনআইডি না থাকায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেও তা নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

এ রিটের শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল ওই রুলে। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

রুল জারির সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের আবেদনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, বিভিন্ন সরকারি ও আর্থিক সেবায় পরিচয় নিশ্চিত করতে ছবির প্রয়োজন হয়। এমনকি হজ পালনের ক্ষেত্রেও ছবি দিতে হয়।

এ ছাড়া ব্যাংক হিসাবসহ বিভিন্ন সেবা নিতে ছবি প্রয়োজন হওয়া এবং ছবি না থাকলে পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে বলেও রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতে যুক্তি তুলে ধরা হয়েছিল। বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করতে আইরিশ স্ক্যানের প্রয়োজন হতে পারে বলেও রাষ্ট্রপক্ষ উল্লেখ করেছিল।