‘অপ্রতিম হত্যার বিচারও দ্রুত হবে’
সিভয়েস২৪ ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারও শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বিচার করবে আদালত; আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব সহযোগিতা করবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ১৩ বছর বয়সী এই কিশোর নিখোঁজ হওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করব।’ রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছে, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও আইনানুগ প্রক্রিয়া শেষ করে দ্রুত বিচারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। পুলিশ হত্যাকাণ্ডের আলামতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ জব্দ করতে পেরেছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হলে আদালতে বিচারিক কার্যক্রম শুরু হবে।
এর আগে, শুক্রবার কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানানো হয়েছে।
রবিবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার জন্ম ও বেড়ে ওঠার স্থান কোটবাড়ি-গন্ধমতি এলাকার বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে অপ্রতিম হত্যার বিচার দাবিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জাতীয় সব খবর















