ইয়াশ-তটিনীর কাবিননামায় একদিনে ২৫ লাখ ভিউ
বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় জুটি হিসেবে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর নাম বেশ পরিচিত। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তারা। পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্ক নিয়ে একসময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই গুঞ্জনকে বরাবরই পাত্তা দেননি দুজন।
তবে বেশ কিছুদিন ধরে একসঙ্গে নাটকে দেখা যাচ্ছিল না ইয়াশ-তটিনীকে। ফলে তাদের জুটিকে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। নতুন নাটক ‘কাবিননামা’ দিয়ে আবারও একসঙ্গে ফিরেছেন জনপ্রিয় এই জুটি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মাত্র এক দিনের ব্যবধানে নাটকটির ভিউ ছাড়িয়েছে ২৫ লাখ।
‘কাবিননামা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।
নাটকটি প্রকাশের পর থেকেই এর কমেন্ট বক্সেও দর্শকের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইতোমধ্যে সেখানে দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে। মন্তব্যগুলোর বড় একটি অংশে দর্শকেরা প্রশংসা করেছেন ইয়াশ-তটিনীর অভিনয় ও পর্দার রসায়নের।
দীর্ঘ বিরতির পর প্রিয় জুটিকে আবার একসঙ্গে পেয়ে দর্শকের উচ্ছ্বাসই যেন প্রতিফলিত হচ্ছে নাটকটির ভিউয়ে। আর ২৫ লাখ ভিউয়ের মাইলফলক বলছে, ইয়াশ-তটিনী জুটির প্রতি দর্শকের আগ্রহ এখনো আগের মতোই তুঙ্গে।
বিনোদন সব খবর















