প্রেমে ইচ্ছা নেই, গুঞ্জনেও কান দেন না
বিনোদন ডেস্ক
শোবিজে তারকাদের প্রেম, সম্পর্ক, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে সেই গুঞ্জনের জবাব দিতে গিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে জড়াতে চান না অভিনেত্রী সাদিয়া আয়মান। তার কাছে নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিই এখন বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন, ছড়িয়ে পড়া গুঞ্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে স্পষ্ট করেছেন, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। বরং সময়ের ওপরই কিছু বিষয় ছেড়ে দিতে চান।
গুঞ্জন নিয়ে নিজের অবস্থান জানিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। থাকে না, কিছু কথা না বললেও হয়।’
নিজের দিকের গল্প তুলে ধরে পাল্টা বিতর্ক তৈরি করতে চান না জানিয়ে তিনি বলেন, ‘যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন কিন্তু গল্পটা আসলে অন্যরকম হবে। তো ওইটা হয়তোবা যে মানুষটা বলে সে চিন্তাও করে না।’
কাদা ছোড়াছুড়ি কিংবা পাল্টাপাল্টি সাক্ষাৎকারে যেতে চান না সাদিয়া। তার ভাষায়, ‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব... এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রেমের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদিয়া। আপাতত প্রেমে জড়ানোর চেয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।
সাদিয়া বলেন, ‘আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই আমি বিশ্বাসী।’
জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সঠিক সময়ের ওপর আস্থা রাখেন জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে যখন মনে হবে ঠিকঠাক মতো সময়, সুযোগ... আল্লাহ তো সব লিখে রেখেছে কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু আসলে প্ল্যান করে রেখেছেন।’
তার মতে, মানুষের পরিকল্পনার চেয়েও জীবনের বাস্তবতা অনেক সময় ভিন্ন পথে এগোয়। তাই সঠিক সময় এলে যা হওয়ার, তখনই হবে।
ক্যারিয়ারের শুরুর দিকেই রয়েছেন সাদিয়া। তাই এখনই ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা কিংবা বিতর্কে জড়িয়ে পড়ার কোনো প্রয়োজন দেখছেন না তিনি।
অভিনেত্রীর ভাষায়, ‘আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরো ভ্যালু অ্যাড করবে।’
নিজের ব্যস্ত জীবনের কথাও তুলে ধরে সাদিয়া বলেন, ‘আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। শুটিংয়ের কাজ, ফ্যামিলি, আমার বিড়ালের যত্ন নেওয়া—আমাকে নিজেকে নিয়েই চিন্তা করতে হয়।’
তারকাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনা ও গুঞ্জন অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে এসব বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন সাদিয়া।
তিনি বলেন, ‘আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না।’
অর্থাৎ, গুঞ্জনের জবাব দিয়ে আলোচনায় থাকার চেয়ে নিজের কাজ এবং ব্যক্তিগত শান্তিকে এগিয়ে রাখতেই বেশি আগ্রহী এই অভিনেত্রী।
পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান তাঁর সাবলীল অভিনয় ও স্টাইলিশ লুকের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। সম্প্রতি বেশ কিছু নাটক, ফিল্ম ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।
বর্তমানে কাজের ব্যস্ততা কিছুটা কম দেখা গেলেও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের চেয়ে নিজের ক্যারিয়ার ও মানসিক শান্তিকেই গুরুত্ব দিচ্ছেন সাদিয়া। তাঁর বক্তব্যে অন্তত সেটিই স্পষ্ট—সব প্রশ্নের উত্তর এখনই নয়, কিছু উত্তরের জন্য সময়কেই কথা বলতে দিতে চান তিনি।
বিনোদন সব খবর















