Cvoice24.com

সীতাকুণ্ডে ১৩০ সংগঠনের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৫৫, ২৫ জুলাই ২০২৬
সীতাকুণ্ডে ১৩০ সংগঠনের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠন এবং প্রতিষ্ঠানের মধ্যে ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের কুমিরা রেঞ্জের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৩০টি সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিদের হাতে গাছের চারা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘এ বছর দুই ধাপে মোট ৫০ হাজার চারা বিতরণ করা হবে। আগামী বছর এই কর্মসূচি আরও সম্প্রসারণ করে ১ লাখ চারা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. শহীদ উল্লাহ।

উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম, আলহাজ এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হোসাইন এবং সাদেক মস্তান (রহ.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক।

এ সময় বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তিন শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।