ছোট ভাইয়ের সঙ্গে বিতণ্ডার পর স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু বাঙ্গালহালিয়ায়
কাপ্তাই প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ঐন্দ্রীলা দেব (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতে চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া এলাকার দক্ষিণেশ্বর কালীমন্দির–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঐন্দ্রীলা দেব ওই এলাকার মৃত অপু দেবের মেয়ে এবং বাঙ্গালহালিয়া চাইল্ড মর্নিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন। বাবার মৃত্যুর পর ঐন্দ্রীলা দাদু বিমল দেবের বাড়িতে থেকে পড়াশোনা করতো।
পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার দিন ছোট ভাইয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে অন্দ্রীলার কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। তাদের ধারণা, অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অভিমানের জেরে শিশুটি আত্মহত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।
পাহাড় সব খবর















