Cvoice24.com

রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের জমি উদ্ধারে মানববন্ধন, আল্টিমেটাম

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২২, ২৪ জুলাই ২০২৬
রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের জমি উদ্ধারে মানববন্ধন, আল্টিমেটাম

খাগড়াছড়ির রামগড়ে গুচ্ছগ্রামবাসীদের রেকর্ডভুক্ত ভূমি উদ্ধার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশাসনকে আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় রামগড় বাজারে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি ও পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ, রামগড় উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় গুচ্ছগ্রামবাসীদের নামে রেকর্ডভুক্ত জমি দখল করে বসতি স্থাপন করা হয়েছে। তারা দাবি করেন, নিজেদের জমিতে যেতে গেলেও গুচ্ছগ্রামবাসীরা হামলা, ভয়ভীতি ও নানা বাধার মুখে পড়ছেন।

বক্তারা অবিলম্বে দখলমুক্ত করে গুচ্ছগ্রামবাসীদের ভূমি বুঝিয়ে দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

তারা প্রশাসনকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমদ, রামগড় উপজেলা শাখার সভাপতি ইউনুছ ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক ছরোয়ার হোসেন রিয়াদ এবং গুচ্ছগ্রামবাসী সাহেব উল্লাহ ও আবু আহমদ।

উল্লেখ্য, সম্প্রতি রামগড় উপজেলার বাটনাশিবির, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় ভূমি বিরোধের ঘটনায় গুচ্ছগ্রামবাসীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।