Cvoice24.com

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভাজনের প্রতিবাদে অবরুদ্ধ কর্মকর্তার, পণ্ড গণশুনানি

কক্সবাজার প্রতিনিধি
১৮:২৮, ২৩ জুলাই ২০২৬
হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভাজনের প্রতিবাদে অবরুদ্ধ কর্মকর্তার, পণ্ড গণশুনানি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে সীমানা নির্ধারণ–সংক্রান্ত গণশুনানি পণ্ড হয়ে গেছে। এ সময় বিক্ষোভকারীদের ভাঙচুর ও হট্টগোলের মধ্যে সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ কয়েকজন রাজনৈতিক নেতা ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিভাজনের প্রতিবাদে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ইউনিয়ন পরিষদ চত্বরে জড়ো হন। তাঁদের হাতে ছিল ইউনিয়ন বিভাজনের বিরোধিতায় বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। বিক্ষোভকারীদের দাবি, ইউনিয়ন বিভক্ত হলে সাধারণ মানুষের নাগরিক সেবা গ্রহণে দুর্ভোগ বাড়বে। তাই হোয়াইক্যং ইউনিয়নকে বিভক্ত না করার দাবি জানান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত গণশুনানি শুরুর আগে বিক্ষোভকারীরা ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার মধ্যস্থতায় তালা খুলে দেওয়া হয়। তবে গণশুনানি শুরু হতেই বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ইউনিয়ন পরিষদের এক দফাদারসহ কয়েকজন আহত হন।

খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদ ভবনে অবস্থানরত ব্যক্তিদের নিরাপদে বের করে আনেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুল কাশেম বলেন, হোয়াইক্যংয়ের অধিকাংশ মানুষ ইউনিয়ন বিভাজনের বিপক্ষে, কারণ এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তবে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, গণশুনানি শুরুর আগেই কিছু লোকজন হট্টগোল ও ভাঙচুর করেন, পরে পুলিশ গিয়ে সীমানা নির্ধারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধার করে।

এর আগে একই দিন সকালে হ্নীলা ইউনিয়নে অনুষ্ঠিত সীমানা নির্ধারণ–সংক্রান্ত গণশুনানি নিয়েও স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা আপত্তি জানান। তাঁদের অভিযোগ, যথাযথ প্রচার-প্রচারণা ছাড়াই গণশুনানি অনুষ্ঠিত হওয়ায় অনেকেই অংশ নেওয়ার সুযোগ পাননি।

হোয়াইক্যং ইউনিয়ন বিভাজনের প্রস্তাবকে কেন্দ্র করে টেকনাফে এখন আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

কক্সবাজার সব খবর