বহির্নোঙরে জলদস্যুদের থাবা, কোটি টাকার মালামাল লুট— নৌ মন্ত্রীর হস্তক্ষেপ চায় চেম্বার
সিভয়েস২৪ প্রতিবেদক
একের পর এক বিদেশি জাহাজে হানা, লুট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল, ঝুঁকিতে পড়ছে নাবিকদের জীবনও। বহির্নোঙরের এই বেপরোয়া জলদস্যুতা ঠেকাতে এবার সরাসরি নৌ-পরিবহন মন্ত্রীর কাছে জরুরি আবেদন করল চট্টগ্রাম চেম্বার।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ধারাবাহিক জলদস্যুতা ও নিরাপত্তাহীনতার ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে আবেদন করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
বুধবার (২২ জুলাই) চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই দাবি জানানো হয়।
কোটি টাকার মালামাল লুট, ঝুঁকিতে নাবিকেরাও
চিঠিতে বলা হয়, গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একাধিক বিদেশি জাহাজে জলদস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোটি কোটি টাকার মালামাল লুট হওয়ার পাশাপাশি জাহাজের নিরাপত্তা ও নাবিকদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদেশি জাহাজের মালিক, শিপিং এজেন্ট ও আমদানিকারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে চেম্বার।
চিটাগাং চেম্বার জানায়, দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। ফলে বহির্নোঙরের নিরাপত্তা বিঘ্নিত হলে জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিদেশি শিপিং অপারেটরদের মধ্যে ঝুঁকির ধারণা বাড়বে, বীমা ব্যয় বাড়বে এবং বৈদেশিক বাণিজ্যের খরচও বেড়ে যাবে বলে সতর্ক করেছে চেম্বার।
আন্তর্জাতিক প্রতিবেদনেও উদ্বেগের ইঙ্গিত
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা সংস্থা রিজিওনাল কো-অপারেশন এগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেইনস্ট শিপস ইন এশিয়া (রিক্যাপ)-এর সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৫ সালের প্রথম ছয় মাসে চট্টগ্রাম বন্দরে জলদস্যুতা ও ডাকাতির ঘটনা বৃদ্ধির তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চার দফা দাবি চেম্বারের
এই পরিস্থিতিতে চিটাগাং চেম্বার বহির্নোঙরে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল জোরদার, আধুনিক নজরদারি ব্যবস্থা চালু, অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নৌ-পরিবহন মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
চিঠিতে চেম্বার সভাপতি মো. আমিরুল হক বলেন, বহির্নোঙরের নিরাপত্তা নিশ্চিত করা শুধু শিপিং শিল্পের স্বার্থেই নয়, বরং জাতীয় অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












