Cvoice24.com

বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

সিভয়েস২৪ ডেস্ক
১৩:৫৩, ২১ জুলাই ২০২৬
বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আগের বছরের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার টাকা কমানো হয়েছে, যা হজযাত্রীদের মোট ব্যয় কমাতে সহায়ক হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্যাকেজ দুটির বিস্তারিত তুলে ধরেন। হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর এগুলো চূড়ান্ত করা হয়েছে।

সরকার ঘোষিত 'হজ প্যাকেজ-১'–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজে হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে এক থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে আবাসন পাবেন। মদিনায় থাকার ব্যবস্থা থাকবে মারকাজিয়া এলাকায়।

এ প্যাকেজে মিনায় জোন-২–এ তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মিনা ও আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩'–এর আওতায় সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সাধারণভাবে ৩৫ থেকে ৪০ দিনের অবস্থান নির্ধারিত থাকলেও অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও নেওয়া যাবে।

অন্যদিকে, 'হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)'–এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। 

এই প্যাকেজে মক্কায় আবাসন থাকবে হারাম শরীফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে। মদিনায় হোটেল হবে মারকাজিয়া এলাকার বাইরে, তবে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে। হোটেলের দূরত্ব দুই কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।

সাশ্রয়ী প্যাকেজের হজযাত্রীরা মিনায় জোন-৫–এ তাঁবু পাবেন। এছাড়া মিনা ও আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩'–এর আওতায় একই ধরনের সেবা প্রদান করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের মতে, বিমান ভাড়া কমানো এবং দুটি ভিন্ন ধরনের প্যাকেজ চালুর ফলে হজযাত্রীরা নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ পাবেন।