দামপাড়ায় পুকুর থেকে রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের দামপাড়া বাগমনিরাম এলাকার একটি পুকুর থেকে মো. ইউসুফ (৫২) নামে এক রিকশাচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে চকবাজার থানা-পুলিশ বাগমনিরাম স্কুলের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি আগে নগরের ব্যাটারি গলি এলাকায় থাকতেন। ছেলে-মেয়েরা আলাদা হয়ে যাওয়ার পর তিনি বিভিন্ন স্থানে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ রায় জানান, স্থানীয় লোকজন ও নিহতের ছেলে মরদেহটি ইউসুফের বলে শনাক্ত করেছেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি রাতে বিভিন্ন স্থানে থাকতেন এবং প্রায়ই বাগমনিরাম স্কুলের পুকুরে গোসল করতেন।
পুলিশ জানায়, ইউসুফ মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পড়তেন। তাঁর মৃগী রোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
এসআই প্রকাশ রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












