ছেলে-মেয়েদের স্কুলে পাঠান, চাকরির দায়িত্ব আমার— আনোয়ারায় মায়েদের এমপি নিজামের আশ্বাস
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘সন্তানদের ঘরে বসিয়ে না রেখে স্কুলে পাঠানো উচিত। ছেলে-মেয়েদের শিক্ষিত করে তোলার দায়িত্ব অভিভাবকদের, আর সেই শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব আমার।’ তিনি জানান, আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের নির্মাণকাজ শুরু হলে এলাকার তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার বোয়ালিয়াস্থ একটি কনভেনশন হলে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশীর সংগঠিত সদস্য ও বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের গ্রামগঞ্জে গিয়ে অবহেলিত ও নিগৃহীত নারীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সম্মান করার কথা বলতেন, কারণ নারীরা সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে। সেই পথ ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' চালু করেছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও পরিচালক (মাইক্রো ফিন্যান্স) নাসিম হায়দার শাহীনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রত্যাশীর সহকারী পরিচালক মজিদুল ইসলাম, জোনাল ম্যানেজার হোসেন আহমেদ ও খোরশেদ আলম, এরিয়া ম্যানেজার শেখ ফরিদ মহিউদ্দিন, বটতলী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম খান (নয়ন), ধামারহাট শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, সত্তারহাটের সৈয়দ কাশেম, আনোয়ারার পারভেজ উদ্দিন ও কুসুমপুরার মাইনুদ্দিন হাসান প্রমুখ।
উল্লেখ্য, এদিন আনোয়ারা উপজেলার রায়পুর, জুইদণ্ডী, বারশত, বটতলীসহ বিভিন্ন ইউনিয়নের দেড় হাজার মানুষের হাতে প্রত্যাশীর ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












