আনোয়ারায় আরও শতাধিক বন্যাদুর্গত পরিবারের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে আবারও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন। দ্বিতীয় দফায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার আরও ১১০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ফাউন্ডেশনের দাতা সদস্য ও কানাডাপ্রবাসী আদনান মাহমুদ চৌধুরীর সৌজন্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে, গত ১৩ জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে একই ইউনিয়নের ১০০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম শহীদ।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
উল্লেখ্য, চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম সংগঠক, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাকের স্মৃতিকে ধারণ করে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যাদুর্গত মানুষের পাশে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় স্থানীয়দের প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












