উখিয়ায় সোয়া চার কোটি টাকার ইয়াবা উদ্ধার, পাচারকারী অধরা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের উলুবুনিয়া গ্রাম সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। কিন্তু তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে টহল দল তাদের ধাওয়া করে।
একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। তবে ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
কক্সবাজার সব খবর















