Cvoice24.com

আরাকান আর্মির বন্দীদশা থেকে পালিয়ে নদী সাতরে ৩ বিজিপি টেকনাফে 

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০২, ২১ জুলাই ২০২৬
আরাকান আর্মির বন্দীদশা থেকে পালিয়ে নদী সাতরে ৩ বিজিপি টেকনাফে 

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির বন্দীদশা থেকে পালিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২০ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া বরফকল-সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এলাকাটি সীমান্তের বিআরএম-৭ পিলার থেকে প্রায় ৮০০ মিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আটকদের মধ্যে একজন কর্মকর্তা ও দুজন পুলিশ সদস্য রয়েছেন। তারা হলেন মংডু শহর পুলিশ স্টেশনের পুলিশ সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ ল্যান্স করপোরাল (এলসিপি) হেইন জাও এবং বুচিডং ৩ নম্বর বিজিপির পুলিশ এলসিপি লিজিওনেয়ার কিয়াও নাইং।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, রবিবার (১৯ জুলাই) রাতে মংডু টাউনশিপের কাউয়ার বিল এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ১ নম্বর বিজিপি ব্যাটালিয়নের সদর দপ্তরে তারা বন্দি ছিলেন। সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে প্রায় ছয় কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে নাফ নদীর তীরে পৌঁছান। পরে একটি পাঁচ লিটারের প্লাস্টিকের পানির জারিকেন ভাসমান সহায়ক হিসেবে ব্যবহার করে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন।

বাংলাদেশে প্রবেশের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে একজন বাংলাদেশি দোভাষীর সহায়তায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় এবং বাংলাদেশে প্রবেশের ঘটনার বিস্তারিত জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বিজিবি তিন বিজিপি সদস্যকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিতিশীলতা বেড়েছে। সংঘাতের জেরে বিভিন্ন সময়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। 

কক্সবাজার সব খবর