পেকুয়ায় সেনা সদস্যের বাড়িতে রান্না করে খাওয়ার পর চুরি!
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, গভীর রাতে তালা কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান কাপড় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী সেনা সদস্য তৌহিদুল ইসলাম উপজেলার মৌলভীপাড়া এলাকার মৃত হাফেজ নজরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা দীর্ঘ সময় ধরে ঘরের ভেতরে অবস্থান করে। তাদের ধারণা, দুর্বৃত্তরা ঘরে থাকা খাবার রান্না করে খেয়েছে এবং এরপর পরিকল্পিতভাবে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সেনা সদস্যের স্ত্রী উম্মে হাবিবা অভিযোগ করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তিনি জানান, ঘরের দরজার তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মূল্যবান কাপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, এর আগেও গত ১০ জুন গভীর রাতে টিন কেটে ঘরে ঢোকার চেষ্টা করেছিল দুই ব্যক্তি। সে সময় তারা ব্যর্থ হয়ে চলে যাওয়ার আগে ডাকাতির হুমকি দিয়েছিল বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ১৪ জুন পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তৌহিদুল ইসলাম।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।
কক্সবাজার সব খবর















