Cvoice24.com

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৩৪, ২২ জুলাই ২০২৬
টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে জাফর আহমদ প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে।

রায়ে আদালত উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র এবং অন্যান্য আলামত পর্যালোচনায় অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় বিচার করা হয়। 

এর আগে চলতি বছরের ৫ মে আদালত জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেন। এরপর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ‘সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুদক দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এ ধরনের মামলায় আদালতের রায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।’

রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডিত জাফর আহমদকে কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার সব খবর