ফাইনালের পরও উত্তাপ, পারেদেসের লাল কার্ড বাতিল
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
বিশ্বকাপ ফাইনালের ট্রফি উঠেছে স্পেনের হাতে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পর যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটিই এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফাইনাল শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়ে পড়েছিল, সেটিও পরে আনুষ্ঠানিক নথি থেকে প্রত্যাহার করেছে সংস্থাটি।
ফিফা জানিয়েছে, স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে কি না, সেটিই তদন্ত করে দেখবেন তিনি।
সংস্থাটির ভাষ্য, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও বিস্তারিত জানানো হবে।
অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ শাস্তির মুখে পড়তে পারেন। পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও আর্থিক জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ফাইনাল ম্যাচজুড়েই ছিল উত্তেজনা ও শারীরিক লড়াই। নির্ধারিত সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্পেনের খেলোয়াড়রা যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনা দৌড়ে গিয়ে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। পরে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা ও স্পেনের দানি ওলমোর মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
এদিকে ম্যাচ শেষে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষের জেরে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে—এমন খবর দ্রুত ছড়িয়ে পড়ে। তবে পরে ফিফা বিষয়টি পরিষ্কার করে জানায়, ম্যাচ-পরবর্তী ঘটনায় পারেদেসের বিরুদ্ধে মাঠে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তার লাল কার্ডের তথ্যটি আনুষ্ঠানিক ম্যাচ রিপোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে।
খেলাধুলা সব খবর















