Cvoice24.com

যে কারণে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখা হচ্ছে না ইয়ামালের বাবার

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৫:০০, ১৭ জুলাই ২০২৬
যে কারণে গ্যালারিতে বসে ছেলের খেলা দেখা হচ্ছে না ইয়ামালের বাবার

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামাল এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমে নিজের নৈপুণ্যে মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। রবিবার (১৯ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে স্পেন।

ইয়ামালের এই স্মরণীয় যাত্রায় গ্যালারিতে উপস্থিত থেকে তাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন তার মা, ছোট ভাই এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। তবে সবার নজর কেড়েছে তার বাবা মুনির নাসরাউইয়ের অনুপস্থিতি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুনির নাসরাউই মৃগীরোগ (এপিলিপ্সি) জনিত সমস্যায় ভুগছেন। শারীরিক জটিলতার কারণে দীর্ঘ সময় বিমানে ভ্রমণ করা তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে ছেলের খেলা সরাসরি দেখতে পারেননি।

বিশ্বকাপ শুরুর আগেই এক সাক্ষাৎকারে নাসরাউই বলেন, ‘আমি মৃগীরোগে ভুগছি। প্রতিদিন নিয়মিত ওষুধ সেবন করতে হয়। ফাইনালের উত্তেজনা ও মানসিক চাপের কারণে যেকোনো সময় খিঁচুনি হতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় বিমান ভ্রমণ করাও আমার জন্য সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘ভ্রমণের আগে আমাকে নিজের কথা, আমার ছেলের কথা এবং আমার আশপাশের মানুষের কথা ভাবতে হয়। আমি চাই না আমার কারণে কেউ সমস্যায় পড়ুক। তাই ঘরে বসেই ছেলের খেলা দেখা আমার জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।’

যদিও বাবা এবার গ্যালারিতে থাকতে পারছেন না, তবুও ইয়ামালের পাশে রয়েছেন তার পরিবারের অন্য সদস্যরা। পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে তাকে সমর্থন জানাচ্ছেন তার মা শিলা। এছাড়া স্পেনের প্রতিটি গোলের পর ছোট ভাই কেইনের উচ্ছ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।