এবার চোখ ২০৩০ বিশ্বকাপে: কোথায় হবে আসর, আয়োজক কারা?
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
২০২৬ বিশ্বকাপের পর্দা নামার কয়েক ঘণ্টাও পেরোয়নি। ফুটবলপ্রেমীদের নজর ইতোমধ্যে ঘুরে গেছে পরবর্তী আসরের দিকে। শতবর্ষের বিশ্বকাপ হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ, যা ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে। এ বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে এবার ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সমন্বয় দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
১৯৩০ সালে উরুগুয়েতে ১৩টি দল নিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের যাত্রা। শতবর্ষ পূর্তির সেই স্মরণীয় আয়োজনকে সম্মান জানাতে এবারও দক্ষিণ আমেরিকায় প্রতীকীভাবে কিছু ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক তিন দেশ—স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে প্রথমবারের মতো তিন মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর।
শতবর্ষের বিশেষ আয়োজনের অংশ হিসেবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালও হয়েছিল এই মাঠে।
এ ছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল এবং প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও একটি করে ম্যাচ হবে।
স্পেনে ম্যাচ অনুষ্ঠিত হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে।
পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়ের শহরেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হবে।
আয়োজক হওয়ার সুবাদে স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে ৮ জুন। শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলবে।
এরপর ১৩ বা ১৪ জুন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং মূল আয়োজক দেশগুলোতে পূর্ণাঙ্গ সূচির খেলা শুরু হবে।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই। তবে ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি ফিফা।
এরই মধ্যে ২০৩৪ বিশ্বকাপের আয়োজকও নির্ধারণ করেছে ফিফা। সৌদি আরব ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আয়োজক হিসেবে অনুমোদন পায়।
২০২৬ সালের মতো ২০৩০ ও ২০৩৪—দুই বিশ্বকাপেই অংশ নেবে ৪৮টি দল। সৌদি আরবে পাঁচটি শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি এখনো ঘোষণা করা হয়নি।
খেলাধুলা সব খবর















