দুই বছরেও ওয়াসিম হত্যার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা : প্রতিমন্ত্রী ইশরাক
পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চব্বিশের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, ‘দুই বছরেও ওয়াসিম হত্যা মামলার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা রাজনীতি টিকিয়ে রাখতে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে দেশের জনগণই তা প্রতিহত করবে।
কবর জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে প্রতিমন্ত্রী শহীদ ওয়াসিমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমের সঙ্গে কুশল বিনিময় করে তাকে সান্ত্বনা দেন এবং পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে আজীবন অমর হয়ে থাকবেন। দেশ এবং দেশের মানুষ তাদের এই আত্মত্যাগ কখনোই ভুলবে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত সব গুম, খুনের দ্রুত বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয় এবং ছাত্রনেতা হিরণ সরওয়ারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
কক্সবাজার সব খবর















