আজ জুলাই শহীদ দিবস
সিভয়েস২৪ ডেস্ক
আজ ১৬ জুলাই; জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তার শাহাদাতের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ দেশজুড়ে গভীর শ্রদ্ধায় দিবসটি পালিত হচ্ছে। বুক চিতিয়ে লড়াইয়ের সেই অবিস্মরণীয় ১৬ জুলাই বারবার মনে করিয়ে দেয়।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের পার্ক মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে এককভাবে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর আহ্বান জানিয়ে তার সেই অকুতোভয় অবস্থান মুহূর্তেই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এর পরপরই পুলিশের ছোঁড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আবু সাঈদের এই আত্মত্যাগ তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনকে এক অভূতপূর্ব গতি দিয়েছিল, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মোড় ঘোরানো মুহূর্তের স্মরণে ‘জুলাই শহীদ দিবসে’ আবু সাঈদ ও ওয়াসিম আকরামদের আত্মত্যাগের পথ ধরে দেশ গড়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ জুলাইয়ের এই দিবসকে সামনে রেখে বুধবার (১৫ জুলাই) দেওয়া বাণীতে এ বার্তা দেন রাষ্ট্র ও সরকারপ্রধান। এবারও জাতীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে সরকার।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দিয়ে ‘নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক’ বাংলাদেশ বিনির্মাণে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। এদিন রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম প্রয়োগ এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র অথচ অদম্য সাহসী ছাত্র-জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা জাতির বিবেককে জাগ্রত করেছিল। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা শহীদ আবু সাঈদের সেই অমলিন দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না; সেটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক।
প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণ-অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না; এটি ছিল দীর্ঘ দেড় দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণ-অভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়; এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।
১৬ জুলাই জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম কর্মসূচি: রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১টায় চট্টগ্রাম নগরের মুরাদপুরে শহীদ ওয়াসিমের শাহাদাতস্থলে স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বেলা আড়াইটায় কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেবেন তিনি।
জাতীয় সব খবর















