Cvoice24.com

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সিভয়েস২৪ ডেস্ক
১১:৪৩, ১৪ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও স্মরণসভাসহ নানা কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মারা যান এইচ এম এরশাদ।

জাতীয় পার্টির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকযোগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকাল ১১টায় রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে এরশাদের সমাধিতে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।

এ ছাড়া রংপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং এরশাদের ভাষণ প্রচারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পরিবারের সঙ্গে রংপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 

তিনি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন এবং ১৯৮৬ সালে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে রংপুর জাতীয় পার্টির অন্যতম শক্তিশালী রাজনৈতিক ঘাঁটিতে পরিণত হয়। মৃত্যুর পর সমর্থকদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুরের পল্লী নিবাসে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর অবদান স্মরণ করছে।