লোকনাথ বাবার ভক্ত সেজে ঢুকলেন ঘরে, তারপর নিয়ে গেলেন সব স্বর্ণালংকার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকায় নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয়ে একটি বাসায় ঢুকে স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অধিকাংশ স্বর্ণালংকার, দুটি মুঠোফোন, নগদ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তাঁর বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায়। তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে খুলশী থানার পুলিশ এই তথ্য জানায়।
ভক্তি দেখিয়ে বিশ্বাস অর্জন, পরে স্বর্ণ নিয়ে উধাও
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলশী থানার আমবাগান আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে ক্যাপ্টেন সাহেবের বিল্ডিংয়ের নিচতলার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বাসিন্দা অজিত ঘোষ (৬০) খুলশী থানায় মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, সরোয়ার বাসার কলিং বেল বাজিয়ে নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দির থেকে আসা 'লোকনাথ বাবার ভক্ত' হিসেবে পরিচয় দেন। পরে 'জয় বাবা লোকনাথ' বলে ভক্তির ভাব প্রকাশ করে প্রথমে ১১ টাকা এবং পরে চাল চান। একপর্যায়ে নানা কৌশলে ভুক্তভোগী ও তাঁর স্ত্রীর বিশ্বাস অর্জন করে ঘরে থাকা প্রায় ২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যান তিনি।
১৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার
মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার প্রায় ১৪ ঘণ্টার মধ্যে কোতোয়ালি থানার হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, তাঁর কাছ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি সীতাহারের পাঁচটি অংশ, একটি স্বর্ণের লকেট, গলানো স্বর্ণ, দুটি মুঠোফোন, ১৪ হাজার টাকা ও একটি মেরুন রঙের ছাতা উদ্ধার করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সরোয়ার সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













