রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার
সিভয়েস২৪ ডেস্ক
থাইল্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই পদত্যাগপত্র দেবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংসদীয় রীতি।’
ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। এছাড়া গতকালই আমার স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। তাই দেশে ফিরে এসেছি।’
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রসঙ্গে স্পিকার বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।’
উল্লেখ্য, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তার দেশে ফেরায় রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা আরও জোরালো হয়েছে।
গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বিভিন্ন দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন।
এদিকে একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিদায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-ও বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা।
জাতীয় সব খবর















