Cvoice24.com

ঋণে কেনা গরু পুড়লো দুর্বৃত্তের আগুনে, কান্নায় ভেঙে পড়লেন কৃষক

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:১৫, ২৪ জুলাই ২০২৬
ঋণে কেনা গরু পুড়লো দুর্বৃত্তের আগুনে, কান্নায় ভেঙে পড়লেন কৃষক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গোয়ালঘর পুড়ে এক গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়টি গরু দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এতে তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ এলাকায় মো. মোস্তাক মিয়ার গোয়ালঘরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোস্তাক মিয়া জানান, তার গোয়ালঘরে মোট সাতটি গরু ছিল। প্রতিদিনের মতো রাতে গরুগুলোকে গোয়ালঘরে রেখে ঘুমাতে যান। রাত ১টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে একটি গরু মারা যায় এবং বাকি ছয়টি গুরুতর দগ্ধ হয়।

তিনি আরও বলেন, দগ্ধ গরুগুলোর চিকিৎসা চলছে। গোয়ালঘর ও গবাদিপশু মিলিয়ে তার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি গরুগুলো কিনে লালন-পালন করছিলেন।

মোস্তাক মিয়ার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে তার গোয়ালঘরে আগুন দিয়েছে। একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর