রামগড়ে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ঢাকায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ির আমলি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে রামগড় থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাকিবুল ইসলাম রাজু (২৯)। তিনি রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে এবং ভুক্তভোগী কিশোরীর বড় বোনের স্বামী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল পৌনে ৮টার দিকে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে থেকে ওই ছাত্রী নিখোঁজ হন। সেদিন তিনি বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তার মা রামগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ২৭ দিন পর রবিবার রামগড়ের সোনাইপুল বাজার এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়ার পর কিশোরী অভিযোগ করেন, তার ভগ্নিপতি প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে মাদ্রাসার সামনে থেকে কৌশলে ঢাকার উত্তরায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় আটকে রেখে বিয়ের আশ্বাস দিয়ে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় বলে তিনি অভিযোগ করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত মোবাইল ফোনসহ ইন্টারনেটভিত্তিক যোগাযোগের সব মাধ্যম বন্ধ রাখেন। দীর্ঘ চেষ্টার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
ওসি আরও বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলছে।
পাহাড় সব খবর















