রামগড়ে বন্যা-ভূমিধসে বিপর্যস্ত ২৮১ পরিবারের পাশে উপজেলা প্রশাসন
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারকে পরিবারপ্রতি ২০ কেজি চাল এবং আরও ১৪টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিতরণকৃত শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার তেল, ৬টি মোমবাতি, ২টি দেয়াশলাই, ২ প্যাকেট বিস্কুট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
এর আগে রামগড় পৌরসভা ও ১ নম্বর ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যেও চাল ও খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউএনও কাজী শামীম জানান, রামগড় উপজেলার দুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেট এবং ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চালসহ মোট ২৮১টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পাহাড় সব খবর















