Cvoice24.com

১৭ মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম এসআই

সিভয়েস২৪ প্রতিবেদক
০১:০০, ২৬ জুলাই ২০২৬
১৭ মামলার আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম এসআই

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে নির্ভরযোগ্য সূত্রে এ ঘটনার তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ১৭ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ডবলমুরিং থানা পুলিশের একটি দল আমবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুষ্কৃতিকারীরা পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় ডবলমুরিং থানার এসআই (নিরস্ত্র) মোবিনুল ইসলাম (৩৬) পেছন দিক থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় আরও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও পুলিশের একাধিক সদস্য জানান, আহত এসআই মোবিনুল ইসলামকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালটি বিভাগ থেকে মিনি অপারেশন থিয়েটারে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা এসআই (নিরস্ত্র) মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।