Cvoice24.com

হরমুজ প্রণালিতে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩:২৯, ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ ও বাণিজ্যের প্রতিশ্রুতির পর তিনি এ সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর হরমুজ প্রণালিতে টোল আদায়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে তারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে ১৩ জুলাই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী দায়িত্ব পালন করবে এবং সেই ব্যয় নির্বাহের জন্য জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে। তবে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

যদিও টোল আদায়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বের অন্যান্য দেশের জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারলেও ইরানের কোনো জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে না। এমনকি ইরানের বন্দরগুলোতেও পূর্ণ অবরোধ পুনর্বহাল করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসন্ন বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে এবং লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ সম্পর্কে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি।

সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট