Cvoice24.com

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল 

আন্তর্জাতিক ডেস্ক
১৪:০৬, ৫ জুলাই ২০২৬
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, লাখো মানুষের ঢল 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত এ জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখা যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এবং আধা-সরকারি তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজার পর মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির মরদেহ ইরাকের নজফ ও কারবালা শহরে নেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার ইরানের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

কে ছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি?

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি শাহবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

দীর্ঘ শাসনামলে খামেনি ইরানের সামরিক ও আধাসামরিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে তার শাসনামলে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর এখনো তিনি প্রকাশ্যে আসেননি।

অন্যদেশ সব খবর