কানাডার পণ্যে ৫০% নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধপণ্যের প্রতি কানাডা ‘বৈষম্যমূলক আচরণ’ করছে—এ অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, নতুন শুল্ক আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে। এর আওতায় কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য থাকবে। তবে জ্বালানি, পটাশ এবং আগে থেকেই খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্য এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ)–এর আওতাভুক্ত কিছু পণ্যের ক্ষেত্রেও নতুন শুল্ক প্রযোজ্য হবে।
এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, নতুন শুল্ক ইউএসএমসিএ চুক্তির সরাসরি লঙ্ঘন। তিনি বলেন, বাণিজ্য বিরোধের সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আরও জোরদার করতে কানাডা প্রস্তুত রয়েছে।
হোয়াইট হাউসের দাবি, চীনের পাশাপাশি কানাডাও গত বছর যুক্তরাষ্ট্রের শুল্কনীতির জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। এছাড়া ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের প্রতিবাদে দেশটির কয়েকটি প্রদেশে মার্কিন অ্যালকোহল বিক্রি বন্ধ করা হয়েছে বলেও জানানো হয়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কানাডার ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ এবং ‘বৈষম্যমূলক নীতির’ জবাব দিতেই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা বেড়েছে। নতুন শুল্ক কার্যকর হলে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
অন্যদেশ সব খবর















