Cvoice24.com

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১১:২৪, ১৪ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮

হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে কথিত ইরানি হামলায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে বলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বিভিন্ন হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক রয়েছেন।

সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে গত ১ মার্চ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমকেডি ব্যোম নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলায় এক ভারতীয় ক্রু সদস্য নিহত হন। ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানকে দায়ী করলেও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

একই দিনে ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে পালাউয়ের পতাকাবাহী স্কাইলাইট নামের আরেকটি ট্যাংকারে হামলায় আরও দুই ভারতীয় নাবিক নিহত হন।

এরপর ৮ মে হরমুজ প্রণালীর কাছাকাছি একটি ভারতীয় ক্রুবাহী কাঠের ট্রলারে আগুন লাগার ঘটনায় আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।

এ ছাড়া গত ৯ জুন ওমান উপকূলে সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন বাহিনীর হামলায় ভারতের তিনজন ক্রু সদস্য নিহত হন।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সাম্প্রতিক সংঘাতের জেরে এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।