মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৪ অস্ত্রসহ গুলি উদ্ধার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ভারতীয় মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার ২ নম্বর তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া সীমান্ত এলাকায় ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে সশস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, এক হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে বিওপিতে নিয়ে আসার সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা সীমান্তের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবির কোনো সদস্য হতাহত হননি।
লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাহাড় সব খবর















