Cvoice24.com

সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর দুই পায়ে জখম করে ফেলে গেল দুর্বৃত্তরা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৩৭, ২৮ জুলাই ২০২৬
সাবেক ইউপি সদস্যকে অপহরণের পর দুই পায়ে জখম করে ফেলে গেল দুর্বৃত্তরা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে গুরুতর জখম করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। 

সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে হ্নীলা আল-ফালাহ একাডেমি স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

আহত জামাল উদ্দিন (৪০) হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং স্থানীয় একটি দৈনিক পত্রিকার সংবাদকর্মী।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে হ্নীলা আল-ফালাহ একাডেমি স্কুলের সামনে চা পান করছিলেন জামাল উদ্দিন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৫ থেকে ৭ জন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অপহরণের কিছুক্ষণ পর আশপাশে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে সিএনজিচালিত অটোরিকশাটি হ্নীলা দরগাহ এলাকার পশ্চিম দিকে যেতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, আলোচিত পাহাড়ি সন্ত্রাসী ও ডাকাত হিসেবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে ‘লেড়াইয়া’র নেতৃত্বাধীন একটি সশস্ত্র দল জামাল উদ্দিনকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে গুরুতর আঘাত করে। পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা নুর কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, জামাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছিল। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতীতে অপহরণ, ডাকাতি, হত্যা ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের দাবি, তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন অঞ্চলে অপহরণ, ডাকাতি ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এই প্রতিবেদক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে মারধরের ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর আনোয়ার ডাকাত নামে পরিচিত ব্যক্তির একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের ভাষ্য, ওই ঘটনার পর নিরাপত্তার কারণে তাদের একজন চট্টগ্রামে অবস্থান করছেন।

কক্সবাজার সব খবর