Cvoice24.com

মিয়ানমার থেকে আসা বস্তায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৩০, ২৯ জুলাই ২০২৬
মিয়ানমার থেকে আসা বস্তায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত দিয়ে নদীপথে ইয়াবা পাচারের সময় এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার বাসিন্দা আনোয়ার আলীর ছেলে মনজুর আলী (৪০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে মিয়ানমার থেকে মাথায় একটি বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

নির্দেশ অমান্য করে তিনি নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে তার মাথায় বহন করা বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১২টি কার্টনে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনজুর আলী স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

কক্সবাজার সব খবর