রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে এক যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানিয়েছেন।
নিহত হলেন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে
আব্দুর রহমান (২৩)।
ক্যাম্প সুত্রে জানা যায়,বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজ আশ্রয়কেন্দ্রে বিষপান করেন আব্দুর রহমান। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
কক্সবাজার সব খবর














