Cvoice24.com

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়লো আরও ১০ দিন

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৩:১৬, ২৭ জুলাই ২০২৬
কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়লো আরও ১০ দিন

রাঙামাটির কাপ্তাই হ্রদের মা মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চলমান মাছ ধরার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবার মাছ আহরণ শুরু হবে।

সোমবার (২৭ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, মাছের প্রজনন মৌসুম বিবেচনায় ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত বিশেষজ্ঞ, কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা জানান, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পেলেও মাছ এখনো পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠেনি। পাশাপাশি হ্রদের পানি এখনও ঘোলা থাকায় মাছ আহরণে জেলেদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তাদের মতে, এ অবস্থায় আরও কিছুদিন মাছ আহরণ বন্ধ রাখলে মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত হবে। একই সঙ্গে কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে অধিক মাছ উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে, যা দীর্ঘমেয়াদে মৎস্যজীবী ও ব্যবসায়ী—উভয়ের জন্যই লাভজনক হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। নির্ধারিত সময়ের আগে কেউ মাছ আহরণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পাহাড় সব খবর