মায়ের সঙ্গে মনোমালিন্য, অভিমানে কিশোরের মৃত্যু
পেকুয়া প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের পেকুয়ায় মো. হোসাইন তাজনুর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের মুন্সিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের পর তাজনুর নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কক্সবাজার সব খবর















