উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসু উদ্দিন মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শামসু উদ্দিন মানিক ওই এলাকার মৃত আহমদ উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত হওয়ার ঘটনায় গত ২৬ জুলাই উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালীতে অনুষ্ঠিত মিলনমেলার ভিডিওতে শামসু উদ্দিন মানিককে দেখা গেছে। তিনি এ মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
কক্সবাজার সব খবর















