Cvoice24.com

‘শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:৪৮, ৫ আগস্ট ২০২৬
‘শহিদ পরিবারের আর্তনাদ শুনলে নিজেকে স্থির রাখতে পারি না’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, শহীদ, আহত ও তাদের পরিবারের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বুধবার (৫ আগস্ট) সকালে নগরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন চউক চেয়ারম্যান। এ সময় তার নেতৃত্বে চউকের কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল এই জুলাই গণঅভ্যুত্থান। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আমি আমার অসংখ্য সহযোদ্ধা ও রাজপথের ভাইকে হারিয়েছি।’

তিনি বলেন, ‘জুলাই শহিদ পরিবারের আর্তনাদ এবং স্বজন হারানোর বেদনার কথা শুনলে নিজেকে স্থির রাখতে পারি না। আমি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ, আহত এবং তাঁদের পরিবারের প্রতি ব্যক্তিগতভাবে এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’

চউক চেয়ারম্যান আরও বলেন, ‘শহিদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

অনুষ্ঠানে চউকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি সংহতি এবং দেশের শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর