ফটিকছড়িতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
ফটিকছড়ি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ সরোয়ার আলমগীর। তিনি জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সাহস, ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ‘সবার আগে দেশ, বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বারোপ করেন।
পরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দেশপ্রেম বিকাশে ধারাবাহিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














