চট্টগ্রাম কাস্টম হাউস
অর্থবছরের শুরুতেই রাজস্ব আদায়ে ‘ধাক্কা’
সিভয়েস২৪ প্রতিবেদক
অর্থবছর শুরুর প্রথম মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি ২০২৫-২৬-এর জুলাইয়ে লক্ষ্যমাত্রা থেকে ১ হাজার ১০৫ কোটি ৪০ লাখ টাকা কম আদায় করা হয়েছে। পরিসংখ্যানের ভাষায় ১৪ দশমিক ২৫ শতাংশ কম আদায়ে ধুঁকছে প্রতিষ্ঠানটি।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যানুযায়ী, ২০২৫-‘২৬ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৭৫৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬ হাজার ৬৫০ কোটি ৬০ লাখ টাকা। এতে অর্থবছরের শুরুতেই নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে কাস্টম হাউসের ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ১০৫ কোটি ৪০ লাখ টাকা।
তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় অর্জিত রাজস্ব হিসাব করলে আদায়ে প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৪-‘২৫ অর্থবছরের জুলাই মাসে আদায় হয়েছিল ৬ হাজার ১৭৬ কোটি ৮৭ লাখ টাকা। সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে আদায় বেড়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ।
সাম্প্রতিক বছরগুলোর জুলাই মাসের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউস ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রা অতিক্রম করে আসছিল। ২০২৪-‘২৫ অর্থবছরের জুলাইয়ে ৫ হাজার ১৪৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৬ হাজার ১৭৬ কোটি ৮৭ লাখ টাকা। তার আগের বছর, ২০২৩-‘২৪ অর্থবছরের জুলাইয়ে ৪ হাজার ৭৮৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছিল ৫৪৭২ কোটি ৭৭ লাখ টাকা।
অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, কাস্টম হাউস বরাবরই তাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে থাকে। ২০২৩-’২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-‘২৫ অর্থবছরের লক্ষ্যমাত্রা বাড়ানো হয় ৭ দশমিক ৫০ শতাংশ। নতুন রাজনৈতিক সরকার আসায় চট্টগ্রাম কাস্টম হাউসের লক্ষ্যমাত্রা অতিরিক্ত বাড়ায়, যা ২০২৪-‘২৫ অর্থবছরের তুলনায় ৫০ দশমিক ৬০ শতাংশ বেশি। এতে আদায় লক্ষ্যমাত্রায় বড় অংকের ঘাটতি সৃষ্টি হয়েছে।
রাজস্ব আদায়ের এই ঘাটতি প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, ‘আন্তর্জাতিক বাজার ও দেশের ভেতরের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে রাজস্বে ৭ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি পাওয়া ইতিবাচক। বাস্তব প্রবৃদ্ধির হারের চেয়ে লক্ষ্যমাত্রা অনেক বেশি উঁচু নির্ধারণ করায় খাতায়-কলমে এই ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া বর্তমানে আমদানির পরিমাণ অনেকটা কমে গেছে। আমদানি প্রবাহ বাড়লে পরবর্তী মাসগুলোতে এ ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















