‘তারেক রহমানের নেতৃত্বেই সফল হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান’
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে থাকার নির্দেশনা দিয়েছিলেন। তিনি ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন দেন। বিএনপির নেতাকর্মীরাও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভক্তি বা বিতর্কের কোনো সুযোগ নেই; এটি ছাত্র, জনতা ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সম্মিলিত আন্দোলনের ফসল।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেমিনার হলে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
মাহবুবের রহমান শামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনে সৃষ্টি হয়নি। এটি দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, গুম, হত্যা, কারাবরণ ও নির্যাতনের ধারাবাহিক ফল। বিএনপির অসংখ্য নেতাকর্মী এ সময় নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একসময় এ হাসপাতালের চিকিৎসাসেবার মান ছিল অত্যন্ত উচ্চমানের। সেই গুণগত মান পুনরুদ্ধারে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিশেষ করে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানার সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।
এ ছাড়া বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, ইউনিট-লেভেল অফিসার জিয়াউল হক জিয়া, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের যুব প্রধান সিরাজুল করিম হিরু এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুঁই।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














