কক্সবাজার এক্সপ্রেসের স্টুয়ার্ড গ্রেপ্তার, ট্রেনের টয়লেট থেকে ৪ হাজার ৮৫০ ইয়াবা উদ্ধার
সিভয়েস২৪ প্রতিবেদক
কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের এক স্টুয়ার্ডের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ ঘটনায় ট্রেনটির স্টুয়ার্ড মোহাম্মদ মাহাবুর রহমান (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মাহাবুর রহমান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের আজব বাদশার ছেলে। তিনি কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পরিচালনাকারী এস এ কর্পোরেশনের একজন কর্মী হিসেবে স্টুয়ার্ডের দায়িত্ব পালন করছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়।
বিকেল ৪টার দিকে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে ‘জ’ বগি থেকে নেমে মাহাবুর রহমান পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে ট্রেনের টয়লেটে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।
তিনি জানান, গ্রেপ্তার মাহাবুর রহমানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














